সড়ক বরাদ্দ দিল পৌরসভা

বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) রাস্তায় নির্মাণ করা হচ্ছে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ। ব্যাংকের সপ্তপদী শাখাকে বুথ নির্মাণের জন্য বগুড়া পৌরসভা একটি জায়গা বরাদ্দ দেয়। এরপর গত শুক্রবার সওজের জায়গায় বুথ নির্মাণ শুরু হয়।
অগ্রণী ব্যাংক সপ্তপদী শাখার কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাতমাথা এলাকায় একটি এটিএম বুথ নির্মাণের জন্য ব্যাংকের পক্ষ থেকে বগুড়া পৌরসভার কাছে জায়গা বরাদ্দ চাওয়া হয়। পরে সপ্তপদী মার্কেটের সামনে বুথ স্থাপনের অনুমতি দেয় পৌরসভা। এ জন্য ব্যাংকের সঙ্গে পৌরসভা একটি চুক্তিও করে। বিনিময়ে প্রতি মাসে ভাড়া নির্ধারণ করা হয় ৩ হাজার ৫২০ টাকা। পৌরসভার তরফে চুক্তি সম্পাদনে সহায়তা করেন বাজার পরিদর্শক। অথচ পৌরসভা সওজের পাকা রাস্তায় আট ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থ আয়তনের জায়গা বুথ নির্মাণের জন্য দেখিয়ে দেয়। শুক্রবার বুথ নির্মাণের কাজ শুরু করা হয়।
সপ্তপদী শাখার সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, পৌরসভার সঙ্গে চুক্তি অনুযায়ী নির্বাচিত স্থানে এটিএম বুথ নির্মাণ করা হচ্ছে। তিনি দাবি করেন, কাজ শুরুর আগে পৌরসভার প্রকৌশল বিভাগের লোকজন গিয়ে সপ্তপদী মার্কেটের সামনের ওই জায়গা নির্ধারণ করে দেন। জায়গাটি পৌরসভার না হলে এর দায় সংস্থাটির প্রকৌশল বিভাগের।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম দাবি করেন, ওই জায়গা তিনি নির্ধারণ করে দেননি। বুথ নির্মাণের জন্য পৌরসভার বাজার পরিদর্শকের সঙ্গে ব্যাংকের চুক্তি হয়েছে। জায়গাটি কার তা বাজার পরিদর্শক ভালো বলতে পারবেন।
বাজার পরিদর্শক আবদুল হাই বলেন, ‘ব্যাংকের সঙ্গে চুক্তি করলেও জায়গা নির্ধারণের দায়িত্ব প্রকৌশল বিভাগের। আমি শুধু ভাড়া নির্ধারণের বিষয়টি দেখি।’
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘রাস্তা দখল করে কোনোভাবেই বুথ নির্মিত হতে পারে না। ইতিমধ্যে কাজ বন্ধ করা হয়েছে। সওজ লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা কেটে ব্যাংকের বুথ নির্মাণের কাজ বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার অফিস খোলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।