সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় একটি সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কার্যাদেশ অনুযায়ী, ছোট পাথর দিয়ে সাত মিলিমিটার সিলকোট করার কথা থাকলেও নামমাত্র পিচ ঢালা হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
পৌরসভার কর্মচারী ও এলাকবাসী জানায়, ৭৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার দুধস্বরা বাসস্ট্যান্ড থেকে রাধেশ্যাম বাবুর মিল পর্যন্ত দুই কিলোমিটার ও মেইন বাসস্ট্যান্ড থেকে সলেমানপুর জাবড়াখেত পর্যন্ত তিন কিলোমিটার সড়ক সংস্কারের জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় মধুবন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। চলতি মাসের গোড়ার দিকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই কাজে অনিময় দেখতে পায় এলাকাবাসী। দু-একটি স্থানে প্রতিবাদও করেন স্থানীয় লোকজন।
স্থানীয় অন্য ঠিকাদারেরা জানান, এই পাঁচ কিলোমিটার রাস্তায় ছোট পাথর দিয়ে সাত মিলিমিটার সিলকোট করার কথা। প্রাক্কলনেও সেভাবে দেওয়া আছে। কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটারের সিলকোট করা হচ্ছে। তাও আবার ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। কাজ শেষ হতে না-হতেই এসব সিলকোট উঠে যাচ্ছে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হচ্ছে।
কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, তাঁদের সামনেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু পৌরসভার কর্মকর্তারা অজানা কারণে মুখ বন্ধ করে আছেন। দুধস্বরা গ্রামের কাঠ ব্যবসায়ী আকরামুল হক বলেন, পৌরসভার কিছু কর্মকর্তা এ অনিয়মের সঙ্গে জড়িত। সে কারণে কাজে অনিয়ম করতে পারছেন ঠিকাদার।
ঠিকাদারি প্রতিষ্ঠান মধুবন এন্টারপ্রাইজের মালিক খোকন মিয়ার মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। তবে কাজের সহ-ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) নজরুল ইসলাম বলেন, রাস্তায় গর্ত। তাই যেভাবে তিনি সিলকোট করছেন তাতে গড়ে সাত মিলিমিটারই হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে চাচ্ছে না।
পৌরসভার কার্যসহকারী মোস্তাফিজুর রহমান বলেন, কাজে কোনো ত্রুটি হচ্ছে না। পৌরসভার মেয়র সালাউদ্দিন বুলবুল বলেন, কাজ শতভাগ সঠিক হচ্ছে, এটা বলা যায় না। তবে কাজের গুণগত মান খারাপ এটাও বলা যায় না। তারপরও তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।