সড়ক সংস্কারের নামে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের তিন কিলোমিটারের মধ্যে ১৩টি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীবাহী বাস এবং ট্রাক চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। কয়েক দিন ধরে কিছু লোক সড়ক সংস্কারের কথা বলে যানবাহন থেকে চাঁদাবাজি করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া অংশে ১৩টি স্থানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রতিদিনই যানবাহন বিকল হয়ে যাচ্ছে। এর মধ্যে মৌচাক দোকানপাড়া ও ভান্নারা এলাকায় কিছু যুবক সড়কের গর্তে শ্রমিক দিয়ে ইট ও মাটি ফেলছেন। এ জন্য তাঁরা যানবাহন থেকে চাঁদাবাজি করছেন। প্রতিটি যানবাহন থেকে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে দেখা গেছে, মৌচাক পুলিশ ফাঁড়ির অদূরে একটি পোশাক কারখানার সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে দুটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে। কয়েকজন যুবক ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চালকদের আটকে হয়রানিও করা হচ্ছে। গাড়িপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। হাজি নূরুল ইসলাম স্পিনিং কারখানার মালামাল নামিয়ে ট্রাক নিয়ে ফিরছিলেন চালক রহিম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। এর মধ্যে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। ভাঙা রাস্তায় ইট ফেলে মেরামত করা হয়েছে বলে গাড়ি আটকে দুজন ১০০ টাকা দাবি করেন। পরে তাঁদের ৫০ টাকা দিলে ছেড়ে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভান্নারা এলাকায় টেম্পো মালিক সমিতি নামে একটি সংগঠন রয়েছে। ওই সংগঠনের সাধারণ সম্পাদক করিম সরকার। তাঁর অনুসারী আবদুল আলীসহ কয়েকজনকে দিয়ে তিন-চার দিন ধরে চলাচলরত সব যানবাহন থেকে তিনি কম-বেশি চাঁদা তুলছেন।
টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক করিম সরকার বলেন, তিন-চারজন লোকজন দিয়ে ইট ও মাটি ফেলে সড়কটি ঠিক করা হয়েছে। এসবের খরচ হিসেবে কিছু টাকা নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ আহাম্মেদ বলেন, ওই সড়ক থেকে মাওনা পর্যন্ত সড়কের কাজ নতুন করে করা হবে। এ জন্য দরপত্রের কাজও শেষ হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সড়কে চাঁদাবাজির বিষয়টি তাঁদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।