সড়ক সম্প্রসারণে ওয়ার্ড কাউন্সিলরের বাধা!
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাধার কারণে অবৈধ দখল উচ্ছেদ করে চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহরের একটি সড়ক সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নিষেধ থাকা সত্ত্বেও কাউন্সিলর তড়িঘড়ি করে সরু সড়ক পাকা ও নালা তৈরির কাজ করাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের বলেন, ‘বাধা দেওয়ার প্রশ্নই আসে না। যাঁরা রাস্তার উন্নয়ন হোক চান না, তাঁরাই এ অভিযোগ তুলেছেন। কাজ বন্ধ রাখার কোনো নির্দেশনাও পাইনি।’ রাস্তাটি হচ্ছে দক্ষিণ হালিশহর বন্দরটিলা হজরত শাহ আলী মাজার সড়ক।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির শেষ মাথায় হজরত শাহ আলী মাজারটি অবস্থিত। এলাকার বাসিন্দারা ছাড়াও প্রতিদিন মাজার জিয়ারতে আসা লোকজন এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটি ভাঙা ও সংকীর্ণ। এ জন্য ব্যবহারকারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বাসিন্দাদের দাবির মুখে রাস্তাটি মেরামত ও নালা তৈরির উদ্যোগ নেয় সিটি করপোরেশন। দুই মাস আগে রাস্তার কাজ শুরু হলে এলাকাবাসীর পক্ষ থেকে সংকীর্ণ রাস্তাটি পরিমাপ করে সম্প্রসারণ করতে করপোরেশনের প্রতি আবেদন জানানো হয়।
স্থানীয় বাসিন্দা মো. হানিফ বলেন, রাস্তাটি এখন মাত্র ১১ ফুট চওড়া। এটি সম্প্রসারিত হলে এলাকার মানুষসহ মাজারে আসা প্রতিটি মানুষ উপকৃত হবে। এখন রাস্তার যে অবস্থা, পাশাপাশি দুটি গাড়ি চলার কোনো উপায় নেই।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের সার্ভেয়ারকে দিয়ে ভূমি পরিমাপ করা হয়। এরপর ১২ অক্টোবর নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দখলদারদের জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রাস্তার দক্ষিণ পাশের দখলদারদের বাড়ি ও দোকান থেকে সর্বোচ্চ ১৮ ফুট ও উত্তর পাশের দখলদারদের পাঁচ ফুট করে জায়গা ছেড়ে দিতে বলা হয়। একই সঙ্গে ৭০০ ফুট দীর্ঘ রাস্তাটির চলমান কাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয় প্রকৌশল বিভাগ থেকে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী বলেন, জায়গাসংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদারকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তার উত্তর দিকে একটি নালা তৈরি করা হয়েছে। নালাটি কারও বাড়ির ভেতরে, কারও দোকানের বাইরে দিয়ে করা হয়েছে। ঢালাই কাজ শুরুর জন্য দুই দিন রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের বলেন, ‘সামনে নির্বাচন, আমার মেয়াদ শেষের পথে। সে কারণে দায়বদ্ধতা থেকে রাস্তাটি যতটুকু আছে, ততটুকুর মধ্যে মেরামত শেষ করতে চাই। এ মুহূর্তে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে সম্প্রসারণ করতে গেলে কাজটি দীর্ঘসূত্রতায় পড়ে যাবে। এ ছাড়া এ জায়গার মালিক তো করপোরেশন না। আমি বাসিন্দাদের কাছ থেকে তিন ফুট জায়গা নিয়ে নালা তৈরি করেছি। ’
উচ্ছেদের নোটিশ পাওয়া ব্যক্তিদের একজন হাসান মুরাদ। তিনি বলেন, ‘সিটি করপোরেশন উচ্ছেদ করতে এলে আমরা বাধা দেব না। তবে নিজ থেকেও জায়গা ছাড়ব না।’