সড়কজুড়েই অটোরিকশার স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের মেডিকেল মোড়ে মহাসড়কে গতকাল যত্রতত্র দাঁড়িয়ে থাকে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে অন্য বাহন আটকে যায় পেছনে। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় এ দৃশ্য নিত্যদিনের l প্রথম আলো
রংপুর নগরের মেডিকেল মোড়ে মহাসড়কে গতকাল যত্রতত্র দাঁড়িয়ে থাকে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে অন্য বাহন আটকে যায় পেছনে। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় এ দৃশ্য নিত্যদিনের l প্রথম আলো

রংপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাসহ অনেক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ড হওয়ায় নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ স্থান জাহাজ কোম্পািন মোড়ের চারটি সড়কে প্রবেশের তিনটির মুখে মাত্র ৫০ গজের মধ্যে তিনটি স্ট্যান্ড। একই মোড়ের তিন দিকে তিনটি এলাকা—মাহিগঞ্জ সাতমাথা যেতে, লালবাগ ও কাচারিবাজারের দিকে যেতে তিনটি অটোস্ট্যান্ড গড়ে উঠেছে। এতে করে সড়ক সংকুচিত হয়ে যেকোনো যানবাহন চলাচল করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। এই মোড়ের মাত্র ২০০ গজ উত্তরে শহরের আরও একটি ব্যস্ততম এলাকা পায়রা চত্বরের পাশের সড়কেও বাহারকাছনা যেতে অটোস্ট্যান্ড হয়েছে। এখান থেকে মাত্র ৫০ গজ পশ্চিমে জুম্মাপাড়া মোড়ে কুকরুল যাওয়ার জন্য আরও একটি স্ট্যান্ড।
শহরের প্রধান ব্যবসাকেন্দ্র এলাকা শহরের বেতপট্টি মোড়ের পাশে সড়কের দুদিকে যেতে দুটি স্ট্যান্ড, সিটি বাজারের সামনে, মেডিকেল মোড়ের তিনটি সড়কের সংযোগস্থলে তিনটি, ধাপ চেকপোস্ট, ধাপ বাংলাদেশ ব্যাংকের মোড়, শাপলা চত্বরের তিনটি সড়কের প্রবেশমুখে তিনটি অটোস্ট্যান্ড রয়েছে। শহরের আদালতপাড়ার ব্যস্ততম এলাকা কাচারিবাজারে দুটি অটোস্ট্যান্ড গড়ে উঠেছে।
এসব স্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো ছেড়ে যাওয়ার খানিক পর পর সড়কের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে।
সড়কের মধ্যে এভাবে স্ট্যান্ড গড়ে ওঠায় জনগণের পায়ে হাঁটাও কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে। সেই সঙ্গে অন্যান্য যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে না। মাইক্রোচালক রমজান আলী এ ব্যাপারে ট্রাফিক পুলিশকে ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন।
ঈদ ও পূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের পুলিশ লাইনের সামনে, গুপ্তপাড়া মোড়, সোনালী ব্যাংকের সামনে, শালবনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অটো চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে মূল শহরের মধ্যে মানুষের চলাচলে তেমন একটা দুর্ভোগ পেতে হয়নি। কিন্তু আবার সেই আগের অবস্থা ফিরে এসেছে।
জেলা পুলিশ ট্রাফিক পরিদর্শক সাদাকাতুল বারী বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও নিবন্ধনকৃত অটো আটক অভিযান শিগগিরই শুরু করা হবে। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়রের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন। কয়েকটি স্থানে যে চেকপোস্ট বাসানো হয়েছিল সুশীল সমাজ চাইলে তা নতুন করে আবার আরোপ করা যেতে পারে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, যেখানে মানুষের দুর্ভোগ হচ্ছে প্রতিনিয়ত, সেখানে জনগণকে কেনইবা দাবি জানাতে হবে। জনগণের সুবিধার্থে এ ব্যবস্থা ট্রাফিক পুলিশকেই নিতে হবে।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখার মোহাম্মদ আলী জানান, নগরে তিন হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। সেখানে চলাচল করছে আট হাজারের বেশি।