সড়কে ইট-বালুর আড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের এক পাশে বাজার, টুকরা ইট ও বালুর স্তূপ; অন্য পাশে কামারশালা ও হোটেল। লোকজন কেনাকাটা করছে, ভিড় ঠেলে চলছে রিকশা। হালকা বাতাসে কামারশালার ছাই ছড়িয়ে পড়ছে আশপাশে, বাতাসে উড়ছে বালু।
এ চিত্র উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর বাজারের সামনের সড়কের। এই রাস্তায় বিডিআর বাজার থেকে আজমপুর পাবলিক টয়লেট পর্যন্ত এলাকার দুই পাশে চলছে নানা রকম ব্যবসা। লোকজনের সুবিধার নামে অবৈধ এসব দোকানের আকার ও পরিধি দিন দিন বাড়ছে। ছেলেকে সঙ্গে নিয়ে এ রাস্তা ধরে বাসায় ফিরছিলেন আমিন সরকার। আক্ষেপ করে তিনি বলেন, ‘সেক্টরের ভেতরে ভ্রাম্যমাণ বাজার। রাস্তায় বসতি দোকান। আবর্জনা পড়ে থাকে রাস্তায়। সেসব মাড়িয়ে বাসায় ফিরি। কাকে কী বলব, দিনে দিনে দোকান বাড়ছে, সমস্যা বাড়ছে।’
বিডিআর বাজারের সামনের সড়কটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পড়েছে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের পূর্ব ও পশ্চিম পাশের ফুটপাত এবং রাস্তার কিছু অংশ নিয়ে গড়ে ওঠে চারটি ইট-বালুর আড়ত। চারটি কামারশালা। প্রায় ২০টি স্থায়ী ও অস্থায়ী সবজি আর মসলার দোকান। কয়েকটি হোটেল এবং প্রায় ১৫টি চায়ের দোকান। স্থানীয় ব্যক্তিদের কাছে সড়কটি প্রায় স্থায়ী বাজার হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
সবজি বিক্রেতা আবদুল মোতালেব বলেন, ‘মাইনষের অসুবিধা হইবো ক্যান, তারাই তো এখান থেইকা কেনাকাটা করে। ৮-১০ বছর ধরে ব্যবসা করতাছি। না, কাওরে কিছু কইয়া বসি নাই। জায়গা ছিল, লোকজন বসতাছে, আমিও বসছি।’
ব্যবসায়ীরা জানান, ২৫-৩০ বছর ধরে এ সড়কে ইট-বালুর ব্যবসা চলছে। মাঝেমধ্যে জায়গা বদলায়, কিন্তু ব্যবসা চলে। কাঁচাবাজার আর কামারশালা বসেছে ৮-১০ বছর। সরেজমিনে চোখে পড়ে, সড়কের পূর্ব পাশে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠের দেয়ালজুড়ে বসেছে ইট-বালুর ব্যবসা। দেয়ালের গা ঘেঁষেই রাখা হয়েছে ইটের সারি। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। বাতাসে ভাসছে লাল রঙের ইট চূর্ণ ও বালু। উড়ে গিয়ে পড়ছে হোটেলের খাবারের পাত্রে। ইট-বালু ব্যবসায়ীদের একজন মো. হালিম বলেন, ‘এ সড়কের দুই পাশে জায়গা তুলনামূলক বেশি আছে। মালামাল রাখলে লোকজন ও গাড়ি-ঘোড়া চলাচলে খুব একটা অসুবিধা হয় না। কেউ কিছু বলে না, ব্যবসা করতাছি।’
সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর অঞ্চলের মধ্যে পড়েছে। জানতে চাইলে উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানব। তারপর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’