সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার পুলিশবক্স-সংলগ্ন এলাকায় গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ-সাহেবগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুটি অটোরিকশা আটকে যাত্রীদের বেঁধে তাঁদের কাছ থেকে আটটি মুঠোফোনসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে।
ডাকাতির শিকার সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রুহুল আমিন বলেন, তাঁরা কয়েকজন মিলে শনিবার রাতে অটোরিকশাযোগে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ফিরছিলেন। সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা ১০-১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। পরে অস্ত্রের মুখে মুঠোফোন, নগদ টাকা ও মালামাল লুট করে তাদের বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।