সড়কে গাছ ফেলে ডাকাতি চালককে কুপিয়ে জখম
মেহেরপুর গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে শ্যামলী ও ফাতেমা পরিবহন নামের দুটি বাসে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেয়।
এ সময় ওই সড়কে নছিমনচালক রমজান আলীকে কুপিয়ে জখম করে ডাকাতেরা। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুল ইসলামের ভাষ্যমতে, শ্যামলী পরিবহনের একটি বাস ভোর পাঁচটার দিকে মেহেরপুরে যাওয়ার পথে অলিনগরে পৌঁছালে সড়কের ওপরে গাছের কয়েকটি গুঁড়ি দেখতে পান চালক। বাসটি থামলে অস্ত্রধারী তিন-চারজন ব্যক্তি বাসে উঠে চালককে জিম্মি করে। এ সময় তারা অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল ও মুঠোফোন কেড়ে নেয়। এ সময় ফাতেমা পরিবহনের আরেকটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা ওই বাসেও হামলা চালায়। ডাকাতেরা দুটি বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
হাসপাতালে চিকিৎসাধীন রমজান আলী বলেন, ওই সময় তিনি কাঠবোঝাই নছিমন নিয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন। কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা তাঁর ডান হাতে কোপ দেয়। ধস্তাধস্তি ও চিৎকার করলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার দুপুরে তাঁর ডান হাতে কয়েকটি সেলাই দেওয়া হয়।