সড়কে গাছ ফেলে নয়টি ট্রাকে লুট
বগুড়ার শেরপুর উপজেলায় গত রোববার রাতে সড়কে গাছ ফেলে দুর্বৃত্তরা নয়টি ট্রাকে লুটপাট করেছে। এ সময় দুর্বৃত্তদের প্রহারে ওই সব ট্রাকের চালক ও তাঁদের সহকারীরা আহত হয়েছেন। শেরপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার বোয়ালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক ধুনট থানার বথুয়াবাড়ী গ্রামের চান মিয়া (২৬) বলেন, তিনি তাঁর খালি ট্রাক নিয়ে ওই সময় ধুনটে যাচ্ছিলেন। পথে বোয়ালকান্দি এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত লেগুনায় করে এসে সড়কে গাছ ফেলে চারটি গরুবোঝাই ট্রাকসহ মোট নয়টি ট্রাক আটকায়। তারা ওই সব ট্রাকের চালক ও সহকারীকে মারধর করে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নেয়। দুর্বৃত্তরা তাঁর ট্রাক থেকে নগদ ৩৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন লুট করেছে।
চান মিয়ার সহকারী একই গ্রামের বাচ্চু মিয়া (২২) বলেন, এ সময় সড়কে আটকে পড়া প্রতিটি ট্রাক থেকে দুর্বৃত্তরা নগদ টাকা ও মুঠোফোন লুট করেছে। পরে দুর্বৃত্তরা লেগুনাটি নিয়ে ধুনটের দিকে চলে যায়। এ সময় ট্রাকচালকেরা সড়কে ফেলা গাছটি সরিয়ে ট্রাক নিয়ে পিছু ধাওয়া করে ধুনটের মাঠপাড়া এলাকায় লেগুনার চালককে ধরে ফেলেন। কিন্তু অন্য দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে চালককে ছিনিয়ে নিয়ে লেগুনাটি ফেলে রেখে চলে যায়।
শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল দাবি করেন, দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে দুটি ট্রাক আটকিয়ে ছিল। তবে ট্রাকে কোনো লুটের ঘটনা ঘটেনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, সংবাদ পেয়ে ওই রাতেই ধুনট মাঠপাড়া এলাকা থেকে লেগুনাটি আটক করা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।