সড়কে গোয়াল, খড়কুটো পশু জবাইও চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের পেছনে বালুর মাঠ কালভার্ট সড়কে পথিক ও যানবাহনের ব্যস্ত চলাচল। চলার পথেই কয়েকটি গরু বাঁধা। রাস্তার ওপরই তাদের খাবার, খড়কুটো। ওপারে দক্ষিণ কমলাপুর কাঁচাবাজারের কাছে মাংসের দোকান। রাস্তার ওপরই গরু জবাই করে দোকানে ঝোলানো হচ্ছে। সবার চোখের সামনে এই গোয়ালঘর ও জবাইয়ের কর্ম, অথচ নিষেধ করার কেউ নেই।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার পশ্চিম অংশে তিনটি গরু বাঁধা। এর আগের দিন বিকেলে বাঁধা ছিল চারটি। দড়ি দিয়ে লম্বা করে বাঁধায় গরুগুলো বেশ খানিকটা জায়গাজুড়ে আয়েশ করেই চলাফেরা করছিল। তাদের উদরপূর্তির পর রাস্তাজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে ছিল উচ্ছিষ্ট খড়কুটো। এর ভেতর দিয়েই চলাচল করছিল রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, এমনকি বাসও। চলাচলে বিঘ্ন ঘটছে, ভোগান্তি হচ্ছে। এমনকি যেকোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু রাস্তার অপর পাড়ে মাংসের দোকানে বসা দোকানির কোনো ভ্রুক্ষেপ নেই।
মাংসের দোকানি সিরাজ মিয়াকে রাস্তায় গরু জবাই ও বেঁধে রেখে দুর্ভোগ সৃষ্টির বিষয়টি জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, রাস্তার সীমানাদেয়ালের পেছনে গরু রাখার জায়গা রয়েছে। তবে গরুগুলো বাঁধা থাকলেও পথচারী ও যানবাহনের চলাচলে সমস্যা হয় না, তাই রাস্তায় বাঁধা থাকে।
কিন্তু সীমানাদেয়ালের ওপরে সাইনবোর্ডে দেখা গেল লেখা রয়েছে, ‘আনসার ক্যাম্প, ডিপিডিএল মক্কা টাওয়ার, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।’ তবে সেখানে ক্যাম্পের ভবন নির্মাণকাজ শুরু হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি বলেন, রাস্তায় এভাবে গরু বেঁধে রাখা এবং জবাই করার বিষয়ে সিরাজ মিয়া ও তাঁর অংশীদারেরা অন্যের অসুবিধার কথা ভাবেন না। আইনকানুনও মানেন না। মাসের পর মাস ধরে এখানে এসব চলছে, কেউ তাঁদের কিছুই করতে পারছে না।
যোগাযোগ করা হলে এলাকার কাউন্সিলর (৮ নম্বর ওয়ার্ড) মো. সুলতান মিয়া গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওপর গরু রাখা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি আমিও লক্ষ করেছি। শিগগিরই এগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’