সড়কে ডাকাতি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের কাছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত গাড়ি ও কয়েকটি অটোরিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ সময় ডাকাতদের মারধরে তিনজন গুরুতর আহত হন। তাঁরা হলেন সুলতানা আক্তার, লিটন মিয়া ও মকবুল মিয়া। পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একদল ডাকাত একটি ট্রাক্টর দাঁড় করিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় ডাকাতেরা একটি টয়োটা প্রাডো গাড়ি থামায়। এর পেছনে দুই-তিনটি অটোরিকশাও আটকা পড়ে। ১০-১২ জন ডাকাত ধারালো অস্ত্র দিয়ে প্রাডো গাড়ির আরোহীসহ অটোরিকশার যাত্রীদের মারধর করতে থাকে। ডাকাতেরা প্রাডোসহ অটোরিকশার যাত্রীদের কাছ থেকে প্রায় পাঁচ-ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
প্রাডো গাড়ির আরোহী সালেহীন স্বপন বলেন, তাঁরা বেড়ানোর উদ্দেশে ঢাকা থেকে চুনারুঘাট যাচ্ছিলেন। তাঁর পরিবারের চারজন নারী সদস্যসহ সাতজন আরোহী ছিলেন গাড়িতে। ডাকাতেরা সবাইকে মারধর করেছে। ডাকাতেরা তাঁদের কাছ থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।