সড়কে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১, আহত ৩
রংপুরে সড়কে ডাকাতির সময় গত মঙ্গলবার রাতে গণপিটুনিতে রবিউল ইসলাম ওরফে রবি (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষুব্ধ জনতা এ সময় আরও তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
নিহত রবির বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বসন্তপুর বানিয়াপাড়া গ্রামে। রাত নয়টার দিকে রংপুর নগর এলাকার মাটিয়াপাড়া-নয়ারহাট সড়কের মাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানা ও বদরগঞ্জ থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রংপুর নগরের চন্দনপাট এলাকার মনির হোসেন ও প্রদীপ কুমার। মাটিয়াপাড়ার গ্রামের কাছে সাত-আটজনের একদল ডাকাত সড়কে রশি টেনে তাঁদের মোটরসাইকেলটি আটক করেন। এ সময় তাঁরা রবিকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। কিছুক্ষণের মধ্যে গ্রামের লোকজন ছুটে এসে তাঁদের পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই রবি মারা যান।
এ সময় জনতা ধাওয়া করে একটি ধানখেত থেকে আরও তিনজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এঁরা হলেন তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি গ্রামের রাজু মিয়া (২৫), রংপুর কোতোয়ালি থানা এলাকার মমিনপুর গ্রামের মোকছেদুল হক (৩০) ও বদরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের আলমগীর হোসেন (২৫)।
রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক গণপিটুনিতে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ভুক্তভোগী প্রদীপ কুমার বাদী হয়ে গতকাল বুধবার থানায় ডাকাতির চেষ্টা ও একটি হত্যা মামলা করেছেন। আটক তিন ডাকাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।