সড়কে মাটির স্তূপ, কে রাখছে জানে না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যস্ততম পলোগ্রাউন্ড সড়কের একটি অংশে মাটি ফেলা হচ্ছে। এতে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিয়মিত পরিষ্কার না করায় মাটি ছড়িয়ে পড়ছে সড়কের অন্যান্য অংশেও।
প্রায় দেড় মাস ধরে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের একাংশ দখল করে মাটি ফেলা হলেও কারা তা ফেলছে, তা নিশ্চিত করতে পারেননি চট্টগ্রামের সংশ্লিষ্ট তিনটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চট্টগ্রাম সিটি করপোরেশন এ জন্য দায় চাপাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওপর। কিন্তু দায় নিতে রাজি নয় সিডিএ। অন্যদিকে পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মাসুদুল হাসান সড়ক দখল করে মাটি ফেলে রাখার বিষয়টি গত রোববার পর্যন্ত জানতেন না।
নগরের টাইগার পাস মোড়ের পুলিশ বক্সের সামনে থেকে শুরু হওয়া পলোগ্রাউন্ড সড়ক শেষ হয়েছে বিআরটিসি স্টেশন এলাকায় গিয়ে।
টাইগারপাস মোড়ে দায়িত্বরত সার্জেন্ট কবির আহমেদ গত রোববার প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে এখানে সড়কের ওপর মাটি ফেলা হচ্ছে।
পুলিশ বক্সের একটু সামনে এসে দুই অংশে বিভক্ত হয়ে গেছে পলোগ্রাউন্ড সড়ক। প্রায় ২০০ ফুট পর আবার মিলিত হয়েছে। সড়কের এই ২০০ ফুট অংশে মাটি রাখা হচ্ছে। গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মাটি স্তূপ করে রাখার কারণে সড়কের একটি অংশ দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না। মাটি স্তূপ করে রাখার সুযোগে সেখানে গৃহস্থালি বর্জ্যও ফেলা হচ্ছে। এ কারণে উৎকট গন্ধ বের হচ্ছে।
সাজ্জাদ আলম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, টাইগারপাস মোড়ের তিন দিকের গাড়ি এখানে এসে দাঁড়াত। অপেক্ষারত যাত্রী নিয়ে গাড়িগুলো সড়কের দুই পাশের কোনো একটি ব্যবহার করে গন্তব্যে যেত। এখন মাটি রাখার কারণে সড়কের এক পাশ বন্ধ হয়ে গেছে।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সিডিএ তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় উত্তোলন করা মাটি এখানে এনে রেখেছে। তাই আমরা আর পরিষ্কার করিনি। এখন তা স্তূপে পরিণত হয়েছে।’ গতকাল মঙ্গলবার বিকেলে তিনি বলেন, আজ (মঙ্গলবার) রাত থেকে সড়কটি পরিষ্কার করার কাজ শুরু করা হবে।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সিডিএর প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো প্রকল্প নেই। তাহলে সিডিএ কীভাবে ওখানে মাটি ফেলবে।’
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান গত রোববার বলেন, ‘সড়কের ওপর মাটি ফেলা রাখার বিষয়টি আমি জানতাম না। এখনই খোঁজখবর নিচ্ছি। মাটি সরানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’