সড়কের গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন-পিয়াইম সড়কের দুই পাশ থেকে কাটা গাছ গত বৃহস্পতিবার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্তূপ করে রাখা হয় l প্রথম আলো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন-পিয়াইম সড়কের দুই পাশ থেকে কাটা গাছ গত বৃহস্পতিবার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্তূপ করে রাখা হয় l প্রথম আলো

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার দুই পাশের গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী গতকাল শুক্রবার কাটা গাছগুলো জব্দ করেছেন।
এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকারি উদ্যোগে উপজেলায় এলজিইডির নির্মাণাধীন ছাতিয়াইন-পিয়াইম সড়কের দুই পাশে ১৯৯৪ সালে আকাশমণি, আকাশিসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়।
গত বৃহস্পতিবার হঠাৎ করে স্থানীয় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন গ্রাম পুলিশ ও কয়েকজন শ্রমিক রাস্তার দুই পাশের গাছ কাটা শুরু করেন। এ সময় এলাকার লোকজন গাছ কাটার কারণ জানতে চাইলে শ্রমিকেরা জানান, ইউপি চেয়ারম্যান খায়রুল হোসাইন ওরফে মনুর নির্দেশে তাঁরা এ গাছগুলো কাটছেন।
পরে এলাকাবাসী বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলামকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।
এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রাস্তার পাশের চার-পাঁচটি গাছ কাটা হয়ে গেছে। কাটা গাছ টুকরো টুকরো করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার এলজিইডির উপজেলা প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সামনে রাখা গাছের গুঁড়িগুলো জব্দ করে উপজেলা সদরে এলজিইডির কার্যালয়ে নিয়ে আসেন। তিনি জানান, এ গাছগুলোর ৪০ ভাগ মালিকানা এলজিইডি ও ইউনিয়ন পরিষদের। বাকি ২০ ভাগ উপজেলা পরিষদের। নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নিয়ে গাছগুলো কাটতে পারতেন। তিনি সেটা করেননি।
ছাতিয়াইন ইউপির চেয়ারম্যান খায়রুল হোসাইন বলেন, তিনি জানতেন গাছগুলো ইউনিয়ন পরিষদের। যে কারণে ইউনিয়ন পরিষদের সব সদস্যের অনুমোদন নিয়েই গাছ কাটা শুরু করেন। তবে এখন জানতে পেরেছেন এতে এলজিইডি ও উপজেলা পরিষদেরও অংশীদারত্ব রয়েছে।