সড়কের গাছ কেটে সাবাড়
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় দড়িকান্দি-অলিপুরা সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালী কয়েক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তারা বেশ কিছু কাটা গাছ জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দি থেকে অলিপুরা বাজার পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) অধীনে নির্মিত সড়কের দুই পাশে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ এক সপ্তাহ ধরে কেটে বিক্রি করছেন প্রভাবশালী কয়েক ব্যক্তি। গতকাল সকালে ওই সড়কের চেঙ্গাকান্দি গ্রামের পাশ থেকে কড়ই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় বৃক্ষপ্রেমীরা এতে বাধা দেন। তবে প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের কথা না শুনে গাছ কাটা অব্যাহত রাখেন। পরে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগকে জানান। এরপর উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে জড়িত ব্যক্তিরা গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে পালিয়ে যান।
গ্রামবাসীর অভিযোগ, সনমান্দি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের সোহরাব হোসেন ও গিরদান গ্রামের শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি চক্র সড়কের পাশের গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে।
সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ বলেন, ‘সরকারি সড়কের পাশের গাছ কাটতে নিষেধ করার পরও প্রভাবশালী ব্যক্তিরা আমার কথা শুনছেন না।’
উপজেলা বন কর্মকর্তা আমিরুল হাসান গতকাল বিকেলে বলেন, সরকারিভাবে রোপণ করা গাছ কর্তন করে অন্যত্র বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। দুই ট্রাক কাটা গাছ জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে বলেন, ওই সড়কের গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা পাওয়া গেছে। সড়কের কোনো গাছ যাতে আর কেউ কাটতে না পারে সে জন্য পাহারাদার নিয়োগ করা হবে।