সড়কের পাশের গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে রাতে বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মেজর (অব.) আবদুল মান্নান সড়কে এ গাছ কাটার ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, ১৪-১৫ বছর আগে মেজর (অব.) আবদুল মান্নান সড়কে বনায়ন করে বন বিভাগ। ইসহাকপুরে কলেজের সামনে থেকে দক্ষিণে সওদাগরবাজার (কেলারহাট) পর্যন্ত এ বনায়ন করা হয়। গাছগুলো অনেক বড় হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের মধ্যম ও দক্ষিণ শুল্লাকিয়া অংশে সড়কের দুই পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ১৫-১৬টি গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া একটি গাছের গোড়ার কিছু অংশ কাটা দেখা যায়।
রিকশাচালক আবুল কালাম বলেন, গাছ কেটে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যায়। বন বিভাগ ইচ্ছা করলে সহজেই গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পারে। তাঁর মন্তব্য, সংঘবদ্ধ কোনো চক্র গাছ কাটার সঙ্গে জড়িত।
শুল্লাকিয়া গ্রামের বাসিন্দা মো. সিরাজ বলেন, মাস খানেক ধরে রাতে দুর্বৃত্তরা সড়কের পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। কয়েক দিন পরপরই সকালে দেখা যায়, গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় এই সড়কের পাশে বনায়ন করা হলেও এর উপকারভোগীর নাম জানা যায়নি।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহিম খলিল জানান, কয়েক দিন আগে স্থানীয় এক ব্যক্তি সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়টি তাঁকে জানিয়েছেন। এরপর তিনি বিষয়টি বন বিভাগকে জানান। তিনি বলেন, কারা গাছ কেটে নিচ্ছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বন বিভাগের নোয়াখালী রেঞ্জের কর্মকর্তা জামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নাম-পরিচয় পাওয়া গেলে মামলা করা হবে।