সতিনের বঁটির কোপে গৃহবধূ খুন
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের লোদাকান্দর গ্রামে এক সতিনের বঁটির কোপে একজন গৃহবধূ খুন হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আলেয়া বিবি (৪৫)। তাঁর সতিন আতারুন নেসা (২৮)। তাঁদের স্বামীর নাম মাহবুবুর রহমান।
ঘটনাস্থলে উপস্থিত আছেন গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান। একজন প্রতিবেশীর দেওয়া তথ্যের বরাত দিয়ে মনিরুজ্জামানের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে আজ সকালে ওই দুই সতিনের মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে আলেয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। তাঁরা গিয়ে আলেয়ার লাশ পড়ে থাকতে দেখেন। পাশে একটি রক্তমাখা বঁটি পড়ে ছিল। আলেয়ার শরীরে বঁটির বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর প্রতিবেশীরা আতারুন নেসাকে আটক করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খানের ভাষ্য, ঘটনার পর আতারুন নেসাকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলেয়াকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
তিনি হত্যাকাণ্ডের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।