সত্যতা মিলেছে, পুলিশের ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে আসন পেতে রেল পুলিশের (জিআরপি) চেয়ার-বাণিজ্যের সত্যতা মিলেছে। ট্রেনে চেয়ার-বাণিজ্যে জড়িত থাকায় গতকাল মঙ্গলবার ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।
ট্রেনে চেয়ার-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পার্বতীপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া কনস্টেবল রতন আলী, এনামুল হক, মো. রুহুল আমিন, মো. মজিবর রহমান ও সুলতান উদ্দিনকে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
গত ১৪ জুলাই প্রথম আলোতে ‘ট্রেনে আসন-বাণিজ্য/পুলিশকে ধরতে পুলিশি অভিযান’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়।
সৈয়দপুর জিআরপি সূত্রে জানা গেছে, সৈয়দপুর-ঢাকা ও দিনাজপুর-ঢাকা পথের আন্তনগর ট্রেনগুলোতে চেয়ার পেতে রাখতেন পার্বতীপুর জিআরপি থানার কয়েকজন সদস্য। তাঁরা যাত্রীদের অর্ধেক ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিতে কৌশলে টিকিট কাটতে নিরুৎসাহিত করছিলেন। টিকিটের সংরক্ষিত আসনের পরিবর্তে যাত্রীদের দেওয়া হতো প্লাস্টিক চেয়ার। এভাবে রেলওয়ে কর্তৃপক্ষ বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছিল।
এসব নিয়ে বৈধ টিকিটধারী ভুক্তভোগী যাত্রীরা সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ করেন। কিন্তু ওই অভিযোগ আমলে নেওয়া হচ্ছিল না বলে পার্বতীপুরের ট্রেনযাত্রী হায়দার আলী ওই সময় মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন। একই অভিযোগ মেলে আরও ১০ জন যাত্রীর কাছ থেকে।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোতে পুলিশের চেয়ার-বাণিজ্যের সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, প্রথম আলোতে প্রতিবেদনটি প্রকাশিত হলে জড়িত পুলিশ সদস্যরা কিছুদিন চেয়ার-বাণিজ্য বন্ধ রাখেন। তাই ১৫ জুলাই থেকে ট্রেনে ট্রেনে পরিচালিত অভিযানে এর সত্যতা পাওয়া যায়নি। ফলে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। পরে অধিকতর তদন্তে পার্বতীপুর রেলওয়ে জংশনে এমন ঘটনার সত্যতা মিলেছে।
পরে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে মঙ্গলবার (গতকাল) তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।