সদরঘাটে লঞ্চ থেকে তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট টার্মিনালের পটুয়াখালীগামী যাত্রীবাহী লঞ্চ ঈগল-এর ৩০৮ নম্বর কেবিন থেকে পারুল আক্তার (১৬) নামের এক তরুণীর জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লঞ্চের কেবিনে থাকা আল-মামুন (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। সদরঘাট লঞ্চ টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পটুয়াখালীগামী ঈগল নামে একটি লঞ্চের ৩০৮ নম্বর কেবিন থেকে পারুলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই কেবিন থেকে আল-মামুন নামে এক যুবককে আটক করা হয়। আল-মামুন পুলিশকে বলেন, মেয়েটির নাম পারুল। তার বাবার নাম গেদা মিয়া। মেয়েটি দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ এলাকার বাসিন্দা। আল-মামুনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চের এক কেবিন বয় জানান, বিকেল চারটার দিকে ৩০৮ নম্বর কেবিনের দরজার নিচ দিয়ে রক্ত দেখে তাঁর সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে খাটের ওপর পারুলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তখন ওই কেবিন থেকে আল-মামুনকে আটক করা হয়।