সদরঘাটে শ্রমিকদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড়ের বস্তা লঞ্চে তোলাকে কেন্দ্র করে ঢাকার সদরঘাট এলাকায় গতকাল সোমবার রাতে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শ্রমিকেরা বলেন, বিআইডব্লিউটিএর শ্রমিকেরা সদরঘাটে যাত্রীদের ব্যক্তিগত মালপত্র বহন করেন এবং ইজারাদারের শ্রমিকেরা বাণিজ্যিক পণ্য বহন করেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক যাত্রী এক বস্তা জাকাতের কাপড় নিয়ে লঞ্চঘাটের ২ নম্বর গেটে আসেন। এ সময় বিআইডব্লিউটিএর এক শ্রমিক বস্তাটি বহন করতে গেলে ইজারাদারের শ্রমিকেরা বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।