সদরপুরে ১৪৪ ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বতন্ত্র সাংসদ (ফরিদপুর-৪) মজিবুর রহমান এবং ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

ওই সংঘর্ষে আহত দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি তোফাজ্জেল হোসেন আজ সদরপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন, কাজী শফিকুর রহমানের ভাতিজা কাজী রফিকুল ইসলাম (৪২), চাচাতো ভাতিজা কাজী ইদ্রিস (৪৫) ও সদরপুরের সতেররশি গ্রামের আজম সিকদার (৪৫)। মামলার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা রহমান বলেন, সদরপুর সদর ইউনিয়নে বৃহস্পতিবার জারি করা ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার সদরপুরে উপজেলা সমন্বয় সভায় সাংসদ মজিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতা কাজী শফিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিক তোফাজ্জেল হোসেন ছবি তুলতে গেলে তাঁকে পিটিয়ে আহত করা হয়। তাঁর ক্যামেরা, মুঠোফোনসেট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তোফাজ্জল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।