সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বাহিরচর গ্রামে একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সেনাসদস্যের নাম নাঈম বিশ্বাস (১৮)। তিনি গ্রামের নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে এবং কৌড়ি এম এ রউফ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় মুঠোফোন মেরামত করাতে নাঈম পাশের আন্ধারমানিক বাজারে মো. রাসেলের দোকানে যান। কিন্তু বিদ্যুৎ না থাকায় ওই দোকানে মুঠোফোনটি রেখে বাড়ি ফিরে আসেন।
রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎ এলে তিনি আবার ওই দোকানে যান। এরপর মোবাইল নিয়ে বাড়ির দিকে রওনা হন। কিন্তু রাত সাড়ে ১০টার দিকেও বাড়িতে না ফেরায় তাঁর বাবা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
গতকাল সকালে বাড়ির পাশের একটি ধানখেতে নাঈমের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের লাশ উদ্ধার করে।