প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সদ্য বরখাস্ত মেয়রসহ বিএনপির চারজন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ এ নির্দেশ দেন।
আত্মসমর্পণকারীরা হলেন কলারোয়া পৌরসভার সদ্য বরখাস্ত হওয়া মেয়র ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আকতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রকিব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুর ইসলাম এবং বিএনপি কর্মী আলতাফ হোসেন।
সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গণি জানান, গতকাল আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়। এতে তিনি (পিপি) আপত্তি জানান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ জোয়ার্দার মো. আমিরুল ইসলাম জামিন আবেদন নাকচ করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা নির্যাতনের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরায় আসেন। এখান থেকে যশোর যাওয়ার পথে কলারোয়ায় তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়।