সনদ জালিয়াতি করে বাল্যবিবাহের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের হস্তক্ষেপে খাগড়াছড়ির দীঘিনালায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে সপ্তম শ্রেণির (১৩) ছাত্রী ওই কিশোরীর বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গতকাল রোববার দুপুরে গোপনে খবর পেয়ে কবাখালী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই বিয়ে বন্ধ করেন।

পরে কিশোরীর বাবাকে আটক করে নিয়ে আসার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দুটি জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেওয়ায় মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই কিশোরীকে গোপনে তার মামার বাড়িতে এনে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার বাবা মো. আলী আকবর। বিয়ের জন্য কিশোরীর বয়স ১৮ বছর দেখিয়ে জন্মনিবন্ধন সনদও তৈরি করে আনেন।

উত্ত্যক্তকারীর হাত থেকে মেয়েকে বাঁচাতে তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন কিশোরীর বাবা মো. আলী আকবর।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না এবং এক সপ্তাহের মধ্যে তাকে বিদ্যালয়ে ভর্তি করা হবে মর্মে মুচলেকা দেওয়ায় কিশোরীর বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছে।

দীঘিনালা থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, কিশোরীকে উত্ত্যক্তকারীর নাম পরিচয় পাওয়া গেছে। তাকে আইনের আওতায় আনা হবে।