সনদ জালিয়াতির ঘটনায় জিডি নেয়নি পুলিশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তার নামে চিকিৎসা সনদ জালিয়াতির ঘটনায় অভিযোগ নেয়নি পুলিশ। ওই চিকিৎসা কর্মকর্তার স্বাক্ষর-সিল জাল করা ভুয়া সনদ দেখিয়ে এক নারী আদালতে তাঁর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মোশারফ হোসেন গত রোববার রাত আটটায় মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডি নিতে অপারগতা প্রকাশ করেন।
চারজন এলাকাবাসী জানান, উপজেলার ভাঙারপাড় গ্রামের নিলুফা ইয়াসমিন স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়েই ২০ মার্চ সেখানে ভর্তি দেখিয়ে মোশারফ হোসেনের স্বাক্ষর-সিল জাল করে সনদ তৈরি করেন। সে সনদ দেখিয়ে ৫ এপ্রিল চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী হন নিলুফারের ভাই মাহমুদুল হাসান। থানার উপপরিদর্শক তপন চন্দ্র গত সপ্তাহে এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।
চিকিৎসক মোশারফ হোসেন বলেন, ২০ মার্চ ওই নামে কোনো রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেননি। তিনিও এ নামের কাউকে সনদ দেননি। তাঁর স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া সনদ তৈরি করা হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের কাজ করতে না পারে সে জন্য তিনি থানায় অভিযোগ করতে যান।
নিলুফা ইয়াসমিনের স্বামী ভাঙারপাড় গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০ মার্চ তাঁর স্ত্রীকে মারধর করেননি। তবু মারধরের ভুয়া সনদ তৈরি করে তাঁকে ফাঁসানোর জন্য মামলা করা হয়েছে।
এ বিষয়ে নিলুফা ইয়াসমিন ও তাঁর ভাই মাহমুদুল হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মামলাটি বিচারাধীন। তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। সনদ জালিয়াতি হয়ে থাকলে ওই চিকিৎসক আদালতে জালিয়াতির মামলা করতে পারেন। এ কারণে জিডি নেওয়া হয়নি।
তবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য আবদুস সাত্তার বলেন, এটা যেহেতু ফৌজদারি অপরাধ তাই থানায় জিডি নিতে কোনো বাধা নেই।