সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষাগত সনদ জালিয়াতির মামলায় ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আবু মো. শামীম আজাদের আদালত এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মামলাটি তদন্ত করে ২০১১ সালের ১০ অক্টোবর ঝালকাঠির আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, বিদ্যালয়ের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি ও এইচএসসি সনদকে যশোর শিক্ষা বোর্ড এবং বিএ ও বিএড পরীক্ষার সনদকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুয়া বলে প্রত্যয়ন করেছে। ২০১৩ সালের ৮ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের জুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই শিক্ষকের এমপিও স্থগিত করেন।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সঞ্জয় কুমার মিত্র বলেন, রুহুল আমিন গত সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।