সনদ জালের অভিযোগ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন সরকারি সনদ জালের অভিযোগে গত শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া ‘অজ্ঞান পার্টি’র ১১ ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে অভিযান চালিয়ে জাল-জালিয়াতি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মনিরুল ইসলাম (২৭) ও আল-আমিন (২৩)।

সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তার স্বাক্ষরের পরে সেটি অনুস্বাক্ষরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। জালিয়াত চক্রটি সব পর্যায়ের কর্মকর্তার ভুয়া সিলমোহর বানিয়েছে। তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স ফরম, পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল, ম্যারেজ সার্টিফিকেট তৈরির কাগজপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। এসব জাল কাগজপত্র তৈরিতে তারা এক থেকে দুই দিন সময় নিত এবং প্রতি কাগজের জন্য ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিত।

গ্রেপ্তার ৩

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র ডিবি পরিচয় দিয়ে অপরাধ করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুজ্জামান উজ্জ্বল, জাকির হোসেন ও মো. লাবলু। তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি লেখা জ্যাকেট ও হাতকড়া উদ্ধার করা হয়েছে।

‘অজ্ঞান পার্টি’র ১১ সদস্য গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর পল্টন এলাকা থেকে গত শনিবার অজ্ঞান পার্টির ১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির পশ্চিম বিভাগ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে। তাঁরা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে লোকজনকে খাইয়ে অজ্ঞান করে সব লুটে নিতেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন, আলামিন, রুবেল হাওলাদার, মো. হিরা, জাহাঙ্গীর আলম, আলমগীর, আনাজ, আমির হোসেন, হুমায়ুন, মো. মঞ্জু ও মানিক পাটওয়ারী।