সনদের জন্য টাকা চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী পয়লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানকে অভিভাবক ও শিক্ষার্থীরা মিলে রড দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সনদ দিতে টাকা দাবি করায় এ ঘটনা ঘটেছে বলে অভিভাবক ও ছাত্ররা উল্টো প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে।

বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা গত বৃহস্পতিবার দুপুরে সনদ নিতে প্রধান শিক্ষকের কক্ষে যান। এ সময় প্রধান শিক্ষক প্রতি সনদের জন্য ৮০০ টাকা করে দিতে হবে বলে জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্ররা মিলে প্রধান শিক্ষককে উত্তম-মধ্যম দেওয়ার পর রড দিয়েও পেটায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিভাবকদের পক্ষে নুর আলম ও দেলোয়ার হোসেন বলেন, সনদ নেওয়ার সময় টাকা দাবি করাকে কেন্দ্র করে কথা-কাটাকটি হয়েছে। একপর্যায়ে ছেলেরা তাঁকে লাঞ্ছিত করে। তবে এর বেশি কিছু হয়নি।

তবে আনিসুর রহমান টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সনদ দিতে টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে নূর ইসলামের লোকজন অতর্কিতে তাঁর কক্ষে ঢুকে তাঁকে মারপিট করে। এ ঘটনায় নূর ইসলাম, দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

চৌহালী থানার ওসি আকরাম হোসেন বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ রেজাউর বারী বলেন, ‘কিছু ছাত্র ও বহিরাগত মিলে প্রধান শিক্ষকে মারধর করেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’