সন্তান না হওয়ায় নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ওই গৃহবধূর নাম রুনা আক্তার (৩০)। তিনি সাতপাড়া গ্রামের জুয়েল খন্দকারের স্ত্রী। রুনা এখন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জুয়েল আনসার-ভিডিপির প্লাটুন কমান্ডারহিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কর্মরত রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক পদে সদ্য পদোন্নতি পাওয়া সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত আমি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। ওই গৃহবধূর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে অমানবিকভাবে মারধর করা হয়েছে।’

রুনা আক্তার গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্তান না হওয়ায় আবার বিয়ে করবে বলে জুয়েল কয়েকবার তাঁকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। ভরণপোষণের খরচও বন্ধ করে দিয়েছেন। এরই জের ধরে তাঁর ওপর নির্যাতন করা হয়েছে।

জিডি ও পরিবার সূত্রে জানা যায়, রুনা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের রহিজ উদ্দিনের মেয়ে। প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে জুয়েল খন্দকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুই মাস পর গত সোমবার কর্মস্থল থেকে বাড়ি আসেন জুয়েল। এ সময় রুনাকে না পাওয়ার অজুহাতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির সামনের রাস্তায় ফেলে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটানো শুরু করেন। এ সময় জুয়েলের মা রেজিয়া বেগম ও বড় ভাই ইউসুফ খন্দকারও নির্যাতন করেন রুনাকে। একপর্যায়ে রুনা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে প্রতিবেশীরা রুনাকে উদ্ধার করে ঘরে নিয়ে যান। খবর পেয়ে বুধবার বাবা ও বড় ভাই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার তাঁকে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আখাউড়া থানায় রুনা বাদী হয়ে জুয়েল খন্দকার, তাঁর বড়ভাই ইউসুফ খন্দকার ও শাহজাহান খন্দকারের বিরুদ্ধে থানায় নারী নির্যাতনের লিখিত অভিযোগ করেন।

রুনার বড় ভাই মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় জুয়েল ও তাঁর পরিবারের লোকজন আমাদের হুমকি দিচ্ছেন।’

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান ও মো. আল-আমিন বলেন, নির্যাতনের ব্যাপারে জুয়েলকে কয়েকবার সতর্ক করা হয়েছে। এখন তাঁর বিচার হওয়া দরকার। তাঁদের পক্ষ থেকে ওই গৃহবধূকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শুক্রবার জুয়েল খন্দকারের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েল স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘স্ত্রী আমার কথা শোনে না। এ জন্য তাঁকে মারধর করেছি।’

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, ওই গৃহবধূ জিডি করেছেন। এতে স্বামী ও তাঁর ভাইয়েরা নির্যাতন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।