সন্তান নিয়ে কিশোরীর দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলার বয়স পেরোয়নি। এ অবস্থায় ধর্ষণের শিকার হয় সে (১৪)। বিচারের আশায় থাকতে থাকতে সে সন্তানের জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দক্ষিণ মাইজহাটি গ্রামে।
মামলার সূত্র ধরে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে পাশের রাজারামপুর গ্রামের সুমন মিয়া নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। সুমন বিবাহিত এবং এক সন্তানের বাবা।
মেয়েটি জানায়, ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যান সুমন। তিন মাস পর শারীরিক সমস্যা দেখা দিলে ঘটনাটি সে তার মাকে জানাতে বাধ্য হয়।
ওই কিশোরীর মা জানান, চিকিৎসকের কাছে যাওয়ার পর জানতে পারেন তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। পরে ঘটনাটি রাজীবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানিয়ে সুমনের বিচার চান তাঁরা।
রাজীবপুর ইউপির চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, সুমনের পরিবার কোনো সহায়তা না করায় কয়েক দফায় সালিস বৈঠক করেও ঘটনাটির সুরাহা করা যায়নি। সুমন ও তাঁর পরিবারের লোকজন মেয়েটির বিষয়ে কোনো কথাই শুনতে চান না। পরে তিনি ওই কিশোরীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেন।
মেয়েটির বাবা জানান, সালিসে কোনো মীমাংসা না হওয়ায় তিনি মামলা করার প্রস্তুতি নেন। তখন সুমনের পরিবারের পক্ষ থেকে গর্ভের সন্তান নষ্ট করার শর্তে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে গত ২৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ময়মনসিংহ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। ডিবি পুলিশের লোকজন তাঁদের বাড়িতে এসে তাঁর মেয়ের সঙ্গে কথা বলেছে। এ অবস্থায় গত বুধবার তাঁর মেয়ে একটি কন্যাসন্তানের জন্ম দিলে পুরো পরিবারে বিষাদ নেমে আসে।
অদক্ষ হাতে সদ্যোজাত শিশুটিকে নাড়াচাড়া করতে করতে মেয়েটি ক্ষোভ প্রকাশ করে বলে, ‘যে আমার সর্বনাশ করেছে, তার বিচার না হলে আমার শান্তি হবে না। এই সন্তান নিয়ে আমি কী করব। কার পরিচয়ে ও বড় হবে।’
অভিযুক্ত সুমনের বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিটি বসতঘরের দরজায় তালা দেওয়া। কয়েকজন প্রতিবেশী জানান, মামলা হওয়ার পর এলাকায় পুলিশ এলে সুমন ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।