সন্তান পরিচয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান পরিচয়ে এক দম্পতির সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আবুল হাসেমের ১১ বছরের ছেলে তোফাজ্জল ২০০০ সালে গৌরীপুর থেকে নেত্রকোনায় আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হয়। এ ঘটনায় পরে তাকে অপহরণের অভিযোগ এনে প্রতিবেশী কলিম উদ্দিন, আবদুল খালেক ও অলি নামের তিনজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করা হয়। ওই মামলায় কলিম ও খালেক দুই বছর করে কারাবন্দী ছিলেন।পরে তাঁরা জামিনে ছাড়া পান। বর্তমানে মামলাটি বিচারাধীন।

এদিকে রিপন গত ২১ অক্টোবর দুপুরে নিজেকে তোফাজ্জল পরিচয় দিয়ে আবুল হাসেমের গ্রামের বাড়ি যান। তখন তিনি দাবি করেন, তিনিই তোফাজ্জল। ওই পরিবারের হারিয়ে যাওয়া ছেলে। ১৫ বছর আগে একটি সাপুড়ে দলের সঙ্গে ভারতে চলে গিয়েছিলেন। এত দিন সেখানে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি পালিয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরেন। আবুল হাসেম ও স্বজনেরা তাঁর কথা বিশ্বাস করেন এবং রিপনকে হারিয়ে যাওয়া তোফাজ্জল ভেবে বুকে টেনে নেন। এ ঘটনায় গত ২২ অক্টোবর প্রথম আলোয় ‘১৫ বছর পর বাড়িতে অপহৃত তোফাজ্জল/ জেল খেটেছেন দুই ব্যক্তি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

কিন্তু রিপনের বিরুদ্ধে একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, আবুল হাসেমের বাড়িতে আশ্রয় নেওয়া ওই যুবক প্রতারক। চার মাস আগেও তাঁর মতো দেখতে এক যুবক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি গ্রামে দীর্ঘদিন আগে নিখোঁজ ছেলের পরিচয়ে একটি পরিবারে আশ্রয় নেন। পরে টাকাপয়সা নিয়ে পালান। এসব খবর প্রকাশের পর তোফাজ্জলের স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ প্রবল হয়ে ওঠে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পুলিশ ওই যুবককে আবারও আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তোফাজ্জল নন। তাঁর নাম রিপন, হারিয়ে যাওয়া সন্তান সেজে প্রতারণা করে আসছিলেন।