সন্তানকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া পৌর এলাকার ধলেশ্বর মহল্লায় গতকাল শনিবার মহিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি শিশুসন্তানকে ছুরিকাঘাত করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন।
পুলিশ ও স্থানীয়দের দাবি, মহিদুল একজন মানসিক রোগী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, মহিদুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই তিনি রেগে যেতেন। গতকাল সকাল থেকে চাকু হাতে স্ত্রী সুলতানা খাতুনের (২২) ওপর চড়াও হন মহিদুল ইসলাম। বিকেল চারটার দিকে স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে ছেলে সোহাগকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শ্যালিকা টুনি খাতুন (১৮) বিষয়টি দেখতে পেয়ে শিশু সোহাগকে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি স্ত্রীকে ছেড়ে দিয়ে শ্যালিকাকে ধরে এলোপাতাড়ি চাকু দিয়ে আঘাত করে ছেলেকে কেড়ে নেন। পরে ছেলেকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন মহিদুল। এ সময় সুলতানা ও টুনির চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসেন। একপর্যায়ে তিনি নিজের গলায় ছুরি চালান।
প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেনিন আলমগীর প্রথম আলোকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। মহিদুলকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুজনও চিকিৎসাধীন।