দারিদ্র্যের কষ্ট থেকে রেহাই পেতে রংপুরের বদরগঞ্জে ১১ মাস বয়সী সন্তানকে কীটনাশক পান করিয়ে এক মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে সন্তানটি হাসপাতালে মারা গেলেও মা এখনো সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ মাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর নয়া ডাঙ্গাপাড়া গ্রামে।
প্রতিবেশীরা জানান, সংসারের অভাব-অনটনের কারণে মা ওই ঘটনা ঘটান।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোজাহার আলীর মেয়ে ইনছেনা বেগমের (৩৫) সঙ্গে ১৬ বছর আগে পাশের চিকলীরপাড়া গ্রামের দুলাল মিয়ার (৪০) বিয়ে হয়। বছর তিনেক ধরে দুলাল মিয়া স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে থাকতেন। তাঁদের দুই ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে। দুলাল মিয়া অনেকটা অলস প্রকৃতির মানুষ। মাঝেমধে৵ দিনমজুরি করে তিনি যা আয় করতেন তাতে সংসার চলে না। এ অবস্থায় ইনছানা নিজের হাতে তৈরি করা পোশাক গ্রামে ফেরি করে বিক্রি করতেন। তিনি (ইনছানা) গত বছরের ১৩ জুন বেসরকারি সংস্থা আশার স্থানীয় শেখেরহাট কার্যালয় থেকে ২৪ হাজার টাকা ঋণ নেন। এই ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
প্রতিবেশীরা বলেন, গত সোমবার তাঁদের ঘরে চাল ছিল না। উপরন্তু ঋণের কিস্তির টাকা নিতে ওই দিনই ইনছানার বাড়িতে আসেন আশার মাঠকর্মী পরিতোষ রায়। এই টাকা পরিশোধ করা নিয়ে স্বামী দুলালের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরপরই গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইনছানা তাঁর ছেলে রিফাত বাবুকে (১১ মাস) তরল কীটনাশক পান করিয়ে নিজেও পান করেন। ঘটনা টের পেয়ে আশপাশের প্রতিবেশীরা মা ও সন্তানকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে শিশু রিফাত মারা যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, ইনছানা বেগমের অবস্থা এখনো শঙ্কামুক্ত না। তাঁর চিকিৎসা চলছে।
ইনছানার স্বামী দুলাল মিয়া গতকাল বিকেলে বদরগঞ্জ থানা চত্বরে দাঁড়িয়ে বলেন, ইনছানা খুব জেদি। গরিবের সংসারে অভাব আছে, থাকবে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। অন্য তিন সন্তানও বাড়ির বাইরে ছিল। অসুস্থতার কারণে দুলাল মিয়া কয়েক দিন কাজ করতে পারেননি বলে জানান। এ নিয়ে গত মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ কারণেই বাড়িতে থাকা তরল কীটনাশক কোলের সন্তানকে খাওয়ানোর পর নিজেও খেয়েছেন ইনছানা।
আশার শেখেরহাট শাখা ব্যবস্থাপক দেলওয়ার হোসেন বলেন, কিস্তির টাকার জন্য ইনছানাকে কখনো চাপ দেওয়া হয়নি। স্থানীয় ইউপি সদস্য সুফিয়া বেগম বলেন, ইনছানা ঋণে জর্জরিত ছিলেন। পাওনাদারের চাপ, ঋণের কিস্তির টাকা দেওয়াসহ সংসারের অভাব-অনটনে কোলের সন্তানকে বিষ খাইয়ে নিজেও খেয়েছেন ইনছানা।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান মুঠোফোনে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দুলাল মিয়া স্ত্রী ইনছানার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ ইনছানাকে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।