সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা খুন!
বগুড়ার ধুনটে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মমতাজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
নিহত মমতাজুর রহমান আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের পল্লি বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য ওই গ্রামের ঈমান আলী ও আবদুল মজিদ গ্রামবাসীর কাছ থেকে টাকা নেন। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দীন এ টাকা দিতে অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এদিকে আজ দুপুরের দিকে মমতাজ উদ্দীনের ছেলে ময়নুল করিম (৩২) বাড়ির পাশের জমিতে বাঁধ দেওয়ায় রাস্তায় পানি জমে যায়। এতে ঈমান আলী ও আবদুল মজিদসহ কয়েকজন যুবক চলাচলের সমস্যার কথা বলে ময়নুলকে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বলেন। কিন্তু ময়নুল এতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঈমান আলী ও আবদুল মজিদসহ ওই যুবকেরা লাঠি দিয়ে পিটিয়ে ময়নুলের মাথা ফাটিয়ে দেন এবং মমতাজের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে মমতাজ উদ্দিনও আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া বাড়ি ভাঙচুরের সময় মমতাজ উদ্দীনের স্ত্রী ফাতেমা খাতুন (৬০), পুত্রবধূ নাজমা (৩০), ছোট ছেলে রবিউল হাসান (২৯) ও তাঁর স্ত্রী শিউলিও (২৫) আহত হন। আহতদের মধ্যে ময়নুলকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ময়নুল করিম বলেন, গ্রামে পল্লি বিদ্যুতের নতুন সংযোগের জন্য তাঁদের কাছে টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় বিরোধ দেখা দেয়। এর জের ধরে রাস্তায় বৃষ্টির পানি জমলেও মিথ্যা অভিযোগে তাঁকে মারধর করা হয়।
ঘটনার পর থেকে ঈমান আলী ও আবদুল মজিদ ছাড়াও অন্য যুবকেরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অঙ্কিতা রব বলেন, নিহত মমতাজ উদ্দীনের শরীরে আঘাতের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ধারালো অস্ত্রের কাটা চিহ্ন আছে। তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাবে না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মমতাজ উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।