সন্তানকে শ্বাসরোধে হত্যা করলেন বাবা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দক্ষিণ খাজুরবাড়িয়া গ্রামে গত বুধবার রাতে ১৩ মাস বয়সের হাফেজা আক্তার ওরফে তিশা নামের এক শিশুকে তার বাবা শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বাবা মো. হানিফ হাওলাদার (৪৮) পালিয়ে যান।

 বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, শিশুটির লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার ওরফে সাথী (২৫) গতকালই তাঁর স্বামী হানিফ হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। পারিবারিক কলহের কারণে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হানিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হানিফের দুই স্ত্রী। প্রথম স্ত্রী মীনা বেগম (৪০) তিন ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী লামিয়া আক্তারকে বিয়ে করেন দুই বছর আগে। তাঁর ছিল ১৩ মাস বয়সের একমাত্র সন্তান তিশা। তিনি (লামিয়া আক্তার) থাকেন হানিফের গ্রামের বাড়িতে। হানিফ অধিকাংশ সময় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঢাকায় থাকেন। মাঝেমধ্যে বাড়িতে আসেন। দুই পরিবার নিয়ে তাঁদের পারিবারিক কলহ ছিল। এ ঘটনার জেরে হানিফ দ্বিতীয় স্ত্রীর একমাত্র মেয়েসন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন।

লামিয়া আক্তার বলেন, বুধবার রাত ১১টার দিকে বাড়িতে আসেন স্বামী হানিফ হাওলাদার। ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। এ কারণে মেয়েকে তার বাবার পাশে ঘুম পাড়িয়ে ভাত রান্না করতে যান তিনি। একপর্যায়ে মেয়ে চিৎকার করলে তিনি (লামিয়া আক্তার) ছুটে আসেন। তখন হানিফ তাঁকে (লামিয়া আক্তার) বলেন গরমের কারণে চিৎকার করেছে। স্বামীর কাছে হাতপাখা দিয়ে আবার রান্নার কাজে চলে যান তিনি। এরপর খাবার খেয়ে ঘুমাতে গিয়ে দেখতে পান তিশার হাত-পা ঠান্ডা হয়ে গেছে। কোনো সাড়াশব্দ নেই। এরপর ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই পালিয়ে যান হানিফ হাওলাদার। লামিয়া আক্তার বলেন, চিৎকারের সময়ই শ্বাসরোধ করে তাঁর মেয়েকে হত্যা করেছেন হানিফ হাওলাদার। আর এসবই করা হয়েছে পরিকল্পিতভাবে পারিবারিক কলহের কারণে।

হানিফ হাওলাদার পালিয়ে যাওয়ায় এবং মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।