সন্তানকে হত্যার পর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ মাসের শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বীণা বেগম (২৫) নামের এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
সৈয়দটুলা গ্রামে বাবার বাড়ির একটি ঘর থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বীণা এবং মেঝেতে শিশুটির লাশ পাওয়া যায়। একই ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় সামিরা বেগম (৮) নামের আরেক সন্তানকে উদ্ধার করা হয়েছে।
নিহত বীণা বেগমের পরিবার ও স্থানীয়রা জানায়, নয় বছর আগে উপজেলা সদরের কুট্টপাড়া গ্রামের প্রবাসী ছেলে মিলন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দটুলা গ্রামের মহরম আলীর মেয়ে বীণার বিয়ে হয়।
এ দম্পত্তির সামিরা ও সামিম নামের একটি মেয়ে ও একটি ছেলে ছিল। সপ্তাহ খানেক আগে বিদেশ থেকে মিলনের পাঠানো টাকা নিয়ে বীণার সঙ্গে দেবর ছোটন মিয়ার বাগ্বিতণ্ডা হয়। ক্ষোভে গত ৩০ সেপ্টেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন বীণা। গতকাল সকাল নয়টার দিকে বীণা ও তাঁর প্রবাসী স্বামীর মধ্যে মুঠোফোনে বাগ্বিতণ্ডা হয়।
সকাল ১০টার দিকে বীণা যে ঘরে থাকতেন সে ঘর থেকে এক শিশুর অস্পষ্ট কান্নার শব্দ শোনা যায়। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে বীণা ও তাঁর দুই সন্তানকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বীণা ও সামিমকে মৃত্য ঘোষণা করেন। সামিরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর মায়ের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। আরেক শিশু সামিরার গলা ও শরীরে আঘাতের চিহ্ন আছে।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, মা ও শিশুর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।