সন্তানকে হত্যার পর নিজেকে কুড়াল দিয়ে কোপালেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের শিশুসন্তান সোহানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে নিজেকেও সেই কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন পারুল নামের এক মা। মুমূর্ষু অবস্থায় পারুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, চার বছর আগে একই উপজেলার চরফরাদি ইউনিয়নের ঝাওগারচর গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে পারুলের বিয়ে হয়। বাবার খুব আদরের মেয়ে ছিলেন পারুল।
তাই বিয়ের পরও মেয়েকে স্বামীর বাড়ি যেতে দেননি বাবা চান্দু মিয়া। স্বামী-সন্তান নিয়ে পারুল পোড়াবাড়িয়া গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। চার মাস আগে চান্দু মিয়া খুন হন।
পারুলের সামনেই দুর্বৃত্তরা চান্দু মিয়াকে কুপিয়ে হত্যা করে চলে যায়। ওই দৃশ্য দেখার পর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন পারুল। এর পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে কিছুটা অস্বাভাবিক হয়ে পড়েন তিনি। প্রায়ই বাবার কথা বলে অস্বাভাবিক আচরণ করতেন এবং হিংস্র হয়ে উঠতেন।
সূত্রটি আরও জানায়, সোহান পারুলের একমাত্র সন্তান। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সোহানকে নিয়ে পারুল নিজের ঘরের ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
পারুলের বড় ভাই সোহেল মিয়া বলেন, ‘পারুল ঘরে ঢোকার পরপরই ভেতর থেকে চিৎকারের শব্দ পাই। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘরে ঢোকার চেষ্টা করেও পারিনি। পরে দরজা ভেঙে দেখি রক্তাক্ত অবস্থায় মা-ছেলে পড়ে আছে। পাশে একটি কুড়াল।’
তিনি আরও জানান, তাঁদের বাবা খুন হওয়ার পর পারুল অস্বাভাবিক হয়ে পড়েন। তাঁর বোন কুড়াল দিয়ে নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করে নিজের মাথায় কোপান। ঘটনাস্থলে সোহান মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় পারুলকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
পারুলের স্বামী সোহাগ মিয়া জানান, এমনিতে দাম্পত্যজীবনে সুখী ছিলেন তিনি। তবে শ্বশুর খুন হওয়ার পর থেকে স্ত্রীকে নিয়ে ভয়ে থাকতেন। ঘটনার সময় তিনি স্থানীয় এক বাজারে গিয়েছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, প্রাথমিক তদন্তে পারুল মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি সন্তানকে খুন করে নিজেই নিজেকে কুপিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।