সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বড়চালা গ্রামে গত মঙ্গলবার দেড় বছরের এক শিশু ও তার বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক জামিল হোসেন (৪৫) ও তাঁর মেয়ে রাবেয়া।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার জানিয়েছে, শিশুটিকে হত্যার পর তার বাবা জামিল আত্মহত্যা করেছেন বলে তাদের প্রাথমিক ধারণা।
ভালুকা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে জামিল হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী সাবিনা খাতুনের কথা-কাটাকাটি হয়। রাতে পরিবারের সবাই একই কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ওই কক্ষে রাবেয়ার লাশ ও জামিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের অন্য সদস্যরা। জামিলকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামিলের স্ত্রী সাবিনা খাতুন পুলিশকে বলেছেন, জামিল তাঁর একমাত্র মেয়ে রাবেয়াকে খুব ভালোবাসতেন। কিন্তু অভাবের কারণে প্রায়ই তিনি মেয়েকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেন। তাঁদের ঘরে ১২ ও ৪ বছর বয়সের দুটি ছেলে রয়েছে। জামিল ঋণগ্রস্তও ছিলেন। তিনি ঠিকমতো পরিবারের ভরণপোষণ করতে পারতেন না। এ নিয়ে জামিলের মধ্যে সব সময় হতাশা কাজ করত। এ কারণে তিনি বিষ পানে আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করে থাকতে পারেন।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, জামিলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, জামিল আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত করা হবে।