সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আট বছরের শিশুসন্তানকে হত্যার পর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। পৌর শহরে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, স্ত্রীর সঙ্গে সম্পর্কের জটিলতা থেকে হতাশার কারণে এ ঘটনা ঘটিয়েছেন সেলিম রেজা (৪৫) নামের ওই ব্যক্তি।

বাবা ও সন্তানের লাশ উদ্ধারের পর গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর থানার পুলিশ।

পুলিশ বলেছে, বৃহস্পতিবার রাতে নিজের মা সেতারা বেগম (৬০) ও মেয়ে সোহাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন সেলিম রেজা। পরে ভোরের দিকে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি। এ সময় সেতারা বেগমকেও হত্যার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পুলিশ বলেছে, একটি চিরকুটে সবকিছু স্বীকার করেছেন সেলিম। তিনি নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

গতকাল সকালে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ বাবা-মেয়ের লাশ উদ্ধার করে। সেতারা বেগমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ বলেছে, নয় বছর আগে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ দক্ষিণ পাড়া মহল্লার মুদি ব্যবসায়ী সেলিম রেজার সঙ্গে শাহজাদপুর উপজেলার আনোয়ারা খাতুন ওরফে রুমির বিয়ে হয়। বিয়ের পর রুমির সঙ্গে উল্লাপাড়ার মনোহরপুর গ্রামের এক ব্যক্তির সম্পর্ক হয়। বিয়ের এক বছর পার হওয়ার পর তিনি ওই ব্যক্তির কাছে চলে যান। এ ঘটনার মাস খানেক আগে জন্ম হয় সোহার।

পুলিশ আরও বলেছে, এ ঘটনার পর স্ত্রীকে ফিরে পেতে সেলিম আদালতে মামলা করেন। গত সপ্তাহে ওই মামলার রায় হয়, যা সেলিমের বিপক্ষে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সেলিমের ছোট ভাই মাহমুদুল আলম অভিযোগ করে বলেন, ‘ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন সময়ে মুঠোফোনে তাঁকে নানা কথা বলে বিরক্ত করা হতো। বৃহস্পতিবার রাতেও একইভাবে বিরক্ত করা হয় তাঁকে। এতে হতাশ হয়েই তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’

সদর থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হতাশা থেকেই সেলিম এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।