সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় শোয়ার ঘর থেকে মা ও তাঁর তিন বছর বয়সী সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২১ দিন বয়সী আরেক ছেলেসন্তানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে অপু কর্মকারের বাড়ির শোয়ার ঘরের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত দুজন হলেন উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের আপু কর্মকারের স্ত্রী শম্পা রানি কর্মকার (২৪) ও তাঁর ছেলে অরণ্য কর্মকার (৩)। আহত শিশু অর্ণবকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আরাফাত শেখ বলেন, আজ সকাল থেকে অপু কর্মকারের বাড়িতে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে খোঁজ নিতে যান। বিকেল পৌনে চারটার দিকে জানালা দিয়ে ঘরের ভেতরে শম্পাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শম্পার ঝুলন্ত লাশ ও খাটের ওপর থেকে শিশু অরণ্যের লাশ উদ্ধার করা হয়। এ সময় ২১ দিন বয়সী ছেলে অর্ণবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এএসআই আরাফাত শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তার অনুপস্থিতিতে তাঁর স্ত্রী শম্পা ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। জীবিত উদ্ধার শিশুটির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে ওই গৃহবধূ নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, অপু কর্মকার পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। দোতলা যে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।