সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার আলম কাব্য
শাহরিয়ার আলম কাব্য

রাজশাহীতে গতকাল শনিবার রাতে সাত বছরের শিশুসন্তানকে কুপিয়ে হত্যার পর মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরের নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
শিশুটির নাম শাহরিয়ার আলম কাব্য। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শেখ রাসেল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রফিকুল ইসলাম নগরের মেহেরচণ্ডী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শিশুটির মা তাসলিমা খাতুন (৪৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্য, নগরের বুধপাড়া ঢালান এলাকায় রফিকুল ইসলামের একটি ওষুধের দোকান রয়েছে। স্কুল থেকে ফিরে বিকেলে তিনি দোকানে বসেন। গতকাল রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন যে শোয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁর শ্বশুর-শাশুড়িকে খবর দেন। নগরের সাগরপাড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। খবর পেয়ে তাঁরা এসে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া পাননি। এরপর তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে তাসলিমা অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মাথায় জখম। আর শিশু শাহরিয়ারের রক্তাক্ত দেহ পড়ে আছে। দুজনকেই পরে হাসপাতালে নেওয়া হয়।

ওসি বলেন, যেহেতু শিশু শাহরিয়ার ও তার মা ছাড়া ঘরের ভেতরে কেউ ছিল না। তাই ধারণা করা হচ্ছে, ছেলেকে হত্যার পরে মা নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, হত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয় লোকজন বলছেন যে শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আজ রোববার সকালে বুধপাড়ায় রফিকুল ইসলামের বাসায় গিয়ে দেখা যায়, বাসায় আধপাকা একটিমাত্র ঘর। ঘরের বিছানা, বালিশ ও কাপড়চোপড়ে রক্ত মেখে আছে। ঘরের ভেতরে বাথরুমের সামনে একটি রক্তাক্ত চাপাতি, একটি চাকু ও একটি কাঁচি পড়ে রয়েছে।

প্রতিবেশীরা জানান, এ ঘটনার পর রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে নগরের সাধুর মোড় এলাকায় তাঁর বাবার বাড়িতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।