মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দের চর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্তানদের হাতে খুন হয়েছেন কটু মিয়া (৭০)। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে তিনি মারা যান।
এলাকাবাসী ও সিরাজদিখান থানা-পুলিশ সূত্র জানায়, কটু মিয়ার চার সন্তান নুরু মিয়া (৪৮) আকবর মিয়া (৪২) নাজির মিয়া (৩৭) ও রব মিয়া (৩৫)। কটু মিয়া তাঁর নিজ সম্পত্তি থেকে ৩ শতাংশ জমি ছোট ছেলে কুয়েতপ্রবাসী রব মিয়ার নামে লিখে দেন। এ নিয়ে অন্য তিন সন্তান বাবার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত শনিবার সকালে জায়গা মাপার পর বিকেলে এ নিয়ে কটু মিয়ার সঙ্গে তাঁর তিন সন্তানের ঝগড়া বাধে। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বাবা কটু মিয়াকে কিলঘুষি মারতে ও লাঠিপেটা করতে থাকেন নুরু, আকবর ও নাজির। তাঁদের আঘাতে গুরুতর আহত হন বাবা কটু মিয়া। আহতাবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মারা যান কটু মিয়া।
প্রবাসী রব মিয়ার স্ত্রী আসমা বেগম বলেন, ‘ভাশুরেরা আমার শ্বশুর-শাশুড়ির কোনো ভরণপোষণ দেন না। তাই শ্বশুর-শাশুড়ি আমার সঙ্গে থাকেন। তাঁদের যাবতীয় ভরণপোষণ আমরা করি। আমাদের সন্তান নিয়ে থাকার জন্য একটি ঘর তৈরি করতে আমার শ্বশুর ৩ শতাংশ বাড়ির জায়গা আমার স্বামীর নামে লিখে দেন। এ সময় আমার স্বামী রব মিয়া কুয়েতে ছিলেন। গত বৃহস্পতিবার কুয়েত থেকে আমার স্বামী দেশে আসেন। পরে এ নিয়ে ভাইদের মধ্যে অনেক ঝগড়া হয়। তাই এলাকার গণ্যমান্য লোকজন ও বেসরকারি সার্ভেয়ার দিয়ে গত শনিবার সকাল ১০টায় জায়গা মাপতে গেলে সবার উপস্থিতিতে আমার শ্বশুর, স্বামী ও আমার ছেলে রানাকে বেদম মারধর করে আহত করেন তাঁরা। দ্বিতীয় দফা একই দিন বিকেলে আবারও তাঁরা লাঠিসোঁটা ও দা নিয়ে হামলা করেন। এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে আমার শ্বশুর মারা যান।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় গতকাল বুধবার রব মিয়া বাদী হয়ে তাঁর তিন ভাই নুরু মিয়া, আকবর মিয়া ও নাজির মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত ব্যক্তির লাশ থানায় রয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।