সন্তানসহ অপহৃত গৃহবধূ তিন দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রাম থেকে তিন বছরের কন্যাসন্তানসহ এক গৃহবধূকে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার চাটখিল উপজেলার শ্বশুরবাড়ি থেকে ওয়াছেকপুর গ্রামের বাবার বাড়িতে যাওয়ার পথে ওই অপহরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে অপহৃতার স্বামী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ওয়াছেকপুর গ্রামের দুই যুবকসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার বিকেল পর্যন্ত থানা-পুলিশ অপহৃতাকে উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি।
গৃহবধূর স্বামী অভিযোগ করেন, শ্বশুরবাড়ির একটি অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, তিন বছরের কন্যা এবং বৃদ্ধা মাকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি একটি অটোরিকশাযোগে সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্রামের উদ্দেশে রওনা হন।
এরপর অটোরিকশাটি বজরা বাজারে এলে তিনি বাজার করতে নেমে যান এবং স্ত্রী, কন্যা ও মাকে ওয়াছেকপুর গ্রামের শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অটোরিকশার চালককে বলেন।
তিনি জানান, অটোরিকশাটি ওয়াছেকপুর গ্রামে ঢোকার পর ওই এলাকার জুয়েল ও রাসেলসহ তিন যুবক আকস্মিক অটোরিকশায় উঠে পড়ে। পরে ওই যুবকেরা চালক তাজুল ইসলামকে অস্ত্রের মুখে অটোরিকশাটি তাদের কথামতো অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে যেতে বাধ্য করে।
তিনি আরও জানান, একপর্যায়ে ওই যুবকেরা অটোরিকশা থেকে তাঁর স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অটোরিকশার চালক তাঁর বৃদ্ধা মাকে নিয়ে চাটখিল গ্রামের বাড়িতে চলে যান। এ ঘটনার পর তাঁর বড় ভাই প্রথমে সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি, পরে তিনি নিজে বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।
সন্তানসহ গৃহবধূ অপহরণের ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে তিনি অপহৃত গৃহবধূর সঙ্গে কথাও বলেছেন। শিগগিরই হয়তো উদ্ধার করা সম্ভব হবে।