সন্তানের গলা কেটে মাটিতে পুঁতে রাখেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের শিশু ইমরানকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাবা কাশেম মিয়া। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জগলুল হকের আদালতে তিনি জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাকুন্দিয়া আহুতিয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মতিয়ুর রহমান বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি শেষে কাশেমকে কারাগারে পাঠানো হয়। তিনি বলেন, রোববার দুপুরে কাশেমকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জগলুল হকের আদালতে হাজির করা হয়। কাশেম আদালতকে জানান, স্ত্রী মরিয়মের সঙ্গে কলহের কারণে রাগের মাথায় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঘরে থাকা ধান কাটার কাস্তে দিয়ে নিজেই সন্তানকে গলা কেটে হত্যা করে মেঝেতে পুঁতে রাখেন।
গতকাল শনিবার মাটি খুঁড়ে ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে কাশেমকে আটক করা হয়। এ ব্যাপারে ইমরানের মা মরিয়ম আক্তার কাশেমের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।