সন্তানের গলায় ছুরি ধরে মাকে বিষপান করিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে সন্তানের গলায় ছুরি ধরে এক মাকে বিষপান করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মা চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে মারা যান।

ওই মায়ের নাম শরিফা খাতুন (২৫)। শরিফার স্বামী মো. ইউনুছ আলীর ভাষ্য, ইউনিয়নের বোর্ড অফিস পাড়ায় তাঁদের বাড়ি। স্থানীয় দূর্গাডাঙ্গা বাজারে তাঁর খাবারের হোটেল আছে। গতকাল রাতে হোটেল বন্ধ করে বাড়িতে ফিরে দেখেন, বাড়িতে অনেক মানুষের ভিড়। আর শরিফা বমি করছিলেন।

ইউনুছ আলীর দাবি, কী হয়েছে জানতে চাইলে শরিফা তাঁকে বলেন, ওই ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের মো. আনিছুর রহমান ও মো. খবির উদ্দিন রাত নয়টার দিকে হঠাৎ করে তাঁদের ঘরে ঢোকেন। এরপর তাঁরা ইউনুছ-শরিফা দম্পতির একমাত্র মেয়ে সুমাইয়া আকতারের (৬) গলায় ছুরি ধরে শরিফার হাতে একটি শিশি দেন। তাঁরা ওই শিশি থেকে তরল পদার্থ শরিফাকে পান করতে বলেন। অন্যথায় সুমাইয়াকে হত্যা করা হবে বলে তাঁরা হুমকি দেন। তখন সন্তানের জীবনের কথা ভেবে তাঁর স্ত্রী ওই শিশি থেকে তরল পদার্থ পান করেন বলে ইউনুছ আলী দাবি করেন।

ইউনুছ আলী আরও বলেন, এসব জানার পর তাৎক্ষণিকভাবে তিনি অ্যাম্বুলেন্স করে শরিফাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর দাবি, আনিছুর ও খবির উদ্দিনের সঙ্গে তাঁদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই তাঁরা এমনটা করেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আশরাফুল হক বলেন, গতকাল রাত সোয়া ১১টার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত শরিফাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর ওয়াশ করে রাত পৌনে ১২টার সময় তাঁকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদ বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত তিনটার দিকে শরিফা মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ঘটনা তদন্ত করতে তিনি এলাকায় একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে শরিফার ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।