সন্তানের গলায় ছুরি ধরে মাকে বিষ খাইয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছয় বছরের এক শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ‘বিষ পান’ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মায়ের নাম শরিফা খাতুন (২৫)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা গেছেন।
শরিফার স্বামী ইউনুছ আলী বলেন, উপজেলার ভিয়াইল ইউনিয়নের বোর্ড অফিস পাড়ায় তাঁদের বাড়ি। স্থানীয় দুর্গাডাঙ্গা বাজারে তাঁর খাবারের একটি হোটেল আছে। গত রোববার রাতে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে হোটেল বন্ধ করে বাড়ি ফিরে দেখেন, বাড়িতে মানুষের ভিড়। তাঁর স্ত্রী শরিফা তখন বমি করছিলেন।
ইউনুছের দাবি, স্ত্রী শরিফা তখন তাঁকে কোনোমতে জানান, একই ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের আনিছুর রহমান ও খবির উদ্দিন রাত নয়টার দিকে হঠাৎ তাঁদের ঘরে ঢুকে পড়েন। এরপর তাঁরা ইউনুছ-শরিফা দম্পতির একমাত্র মেয়ে সুমাইয়া আকতারের (৫) গলায় ছুরি ধরে গৃহবধূর হাতে বিষের একটি শিশি ধরিয়ে দেন। শিশুটি ওই সময় ঘুমিয়ে ছিল। ওই দুজন শিশির তরল পদার্থ শরিফাকে পান করতে নির্দেশ দেন। তা নাহলে সুমাইয়াকে হত্যার হুমকি দেন তাঁরা। একপর্যায়ে শরিফা ওই শিশির তরল পান করেন। এরপর থেকে তিনি বমি করতে থাকেন। আর শরিফাকে বিষ পান করানোর পর পরই ওই দুই ব্যাক্তি পালিয়ে যান।
ইউনুছ বলেন, আনিছুর ও খবির উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরেই তাঁর স্ত্রীকে বিষপানে বাধ্য করা হয়েছে বলে তিনি মনে করেন। ঘটনা শোনার পরপরই অ্যাম্বুলেন্সে করে শরিফাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল হক বলেন, বিষক্রিয়ায় আক্রান্ত শরিফাকে মুমূর্ষু অবস্থায় গত রোববার রাত সোয়া ১১টার দিকে জরুরি বিভাগে আনা হয়। এরপর ওই গৃহবধূর পেট ওয়াশ করে রাত পৌনে ১২টার সময় তাঁকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
ওয়ার্ড মাস্টার মো. মাসুদ বলেন, চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর তিনটার দিকে শরিফা মারা যান। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়।
ইউনুছ–শরিফা দম্পত্তির প্রতিবেশী আক্তারা বানু ও রুকসানা বেগমের বরাত দিয়ে পুলিশের ভাষ্য, শরিফাদের বাড়ির পিছন দিকে তাঁদের বাড়ির অবস্থান। ঘর থেকে শরিফার চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। তখন ঘরে শরিফা ও শিশু সুমাইয়া ছাড়া কেউ ছিল না। শরিফা বমি করছিল। ওই অবস্থায় আনিছুর রহমান ও খবির উদ্দিন তাঁকে বিষ খেতে বাধ্য করেছেন বলে শরিফা তাঁদের জানান। পরে তাঁরা অন্য প্রতিবেশীদের ডাকেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে শরিফার লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে বিষক্রিয়ায় তাঁর মৃত্যুর প্রমাণ মিলেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আনিছুর ও খবির রোববার রাতেই বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।