প্রবাসীদের মায়ের সন্ধানে থাকতেন এক নারী। এরপর হঠাৎ একদিন বাসায় হাজির হয়ে নিজেকে সেই প্রবাসী সন্তানের বন্ধু বলে পরিচয় দিতেন। জরুরি ভিত্তিতে নগদ ডলার ভাঙানোর নাম করে দেখে নিতেন বাসাটির কোথায় কী আছে। তারপর একদিন এসে সুকৌশলে সবকিছু নিয়ে চম্পট দিতেন।
এই নারীর নাম সাদিয়া আক্তার ওরফে তানিয়া (৩০)। বাড়ি গাজীপুরের জয়দেবপুরের গজারিয়া পাড়ায়। বিমানবন্দর থানা-পুলিশ ৯ আগস্ট উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ, ওই এলাকার এক বাসা থেকে প্রতারণা করে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
সাদিয়ার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মঙ্গলবার উত্তরার ১২ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৮ নম্বর বাসার দোতলার একটি ফ্ল্যাট থেকে ১০৬ ভরি স্বর্ণ (সোনার অলংকার), নগদ ২০ লাখ ৫২ হাজার টাকা, ২৫টি মোবাইল ফোন সেট, ৪ হাজার ৪০১ মার্কিন ডলার, ৩ হাজার ৯১৫ কানাডিয়ান ডলার, ১০৫ অস্ট্রেলিয়ান ডলার, ১১৫ পাকিস্তানি রুপিসহ বেশ কিছু মানিব্যাগ, পার্স, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী প্রথম আলোকে বলেন, গত ২ জুন উত্তরার ১ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১২ নম্বর বাসা থেকে পরিচিত আত্মীয় সেজে এক মহিলা বাসায় ঢুকে ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বাংলাদেশি টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। এরপর থেকে পুলিশ ওই মহিলাকে খুঁজছিল। ৯ আগস্ট ১ নম্বর সেক্টরেরই ৫ নম্বর রোডের ৭ নম্বর বাসা থেকে একইভাবে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালালে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বাড়ির লোকজন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে ২ জুনের ঘটনার কথায় স্বীকার করেন।
এজাজ শফী বলেন, সাদিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগেই ১ লাখ ৯২ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আজমপুরের (উত্তরা) আমির কমপ্লেক্স থেকে অঙ্কন জুয়েলার্সের মালিক সন্তোষ কুমার ও আর আর মানি এক্সচেঞ্জের কর্মচারী মো. রিয়াজ উদ্দিনকে।
বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহিল কাফী প্রথম আলোকে বলেন, যেসব মায়ের ছেলে বা মেয়ে প্রবাসে থাকেন, সেই সব পরিবারই ছিল তানিয়ার লক্ষ্য। তাঁদের বাসায় গাড়ি ও নগদ ডলার নিয়ে ঢুকতেন তিনি। নিজেকে ওই সব প্রবাসী ছেলেমেয়ের বান্ধবী বলে পরিচয় দিতেন। তাঁদের বলতেন আজকে তাঁর (তানিয়া) বিয়ের দাওয়াত আছে, কেনাকাটা করতে যাবেন। কিন্তু তাঁর কাছে কিছু ডলার আছে, নগদ টাকা নেই। তিনি ডলার রেখে তাঁকে টাকা দেওয়ার অনুরোধ করতেন। ওই বৃদ্ধা যখন আলমারি খুলে টাকা আনতে যেতেন, তখন তানিয়া সবকিছু খেয়াল করতেন। কয়েক দিন পর একটি শাড়ি নিয়ে আবার ওই বাসায় যেতেন তিনি। বৃদ্ধাকে শাড়ি পরতে পাঠিয়ে বাসার আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যেতেন।
কাফী বলেন, সংঘবদ্ধ চক্রটি মিরপুর, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় প্রতারণা করে থাকে। বাসায় একলা থাকা বয়স্ক মানুষ এদের শিকার। ১০ থেকে ১২ জনের এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে প্রতারিত অনেক পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। উপযুক্ত প্রমাণসহ তাদের সেগুলো ফিরিয়ে দেওয়া হবে।