সন্তানের সামনে মাকে হত্যা করলেন বাবা!
পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি পাঁচ বছর বয়সী মেয়ের সামনেই তার মাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাজেরা বেগম (২৮)। তিনি সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে নুরুল আমিন পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, ছেলে খালেক মিয়া (৯) ও মেয়ে তাবাসসুম আক্তারকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন হাজেরা। নুরুল শহরে অটোরিকশা চালাতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সদর উপজেলার সেন্দ গ্রামের মৃত নায়েব আলীর মেয়ে হাজেরার সঙ্গে নুরুলের বিয়ে হয়। গত বুধবার রাতে হাজেরার সঙ্গে তাবাসসুম ছিল। রাত একটার দিকে হাজেরার কাছে টাকা চান নুরুল। টাকা দিতে রাজি না হওয়ায় নুরুলের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে হাজেরার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে নুরুল পালিয়ে যান।
হাজেরার বড় ভাই খলিল মিয়া অভিযোগ করেন, আমার বোনের সঙ্গে নুরুল প্রায়ই ঝগড়া করতেন। আমার বোন মাদ্রাসার ছাত্রীদের পড়িয়ে কিছু টাকা পেতেন। ওই টাকার জন্য গত বুধবার রাতে হাজেরার সঙ্গে ঝগড়া করেন নুরুল। একপর্যায়ে তিনি আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যান। আমার বোনের মেয়ে তাবাসসুম এসব ঘটনা দেখেছে। সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তবে এ ব্যাপারে অনেকবার চেষ্টা করেও তাবাসসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লাশের সুরতহাল সম্পন্নকারী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, হাজেরার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, রাতে শিশু তাবাসসুম মা হাজেরা সঙ্গে ছিল। সমস্ত ঘটনা সে দেখেছে। পুরো ঘটনা সে পুলিশের কাছে বর্ণনা করেছে। তাবাসসুমের বরাত দিয়ে ওসি বলেন, হাজেরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।