সন্তু লারমার আগমন কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমার বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসী ব্যানারে ডাকা হরতালে আজ বুধবার সহিংস ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
নাম প্রকাশ না করে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যমতে, পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন ও দলীয় কাজে তিন দিনের সফরে সন্তু লারমা আজ বান্দরবান আসেন। তাঁর আগমনের প্রতিবাদে ডাকা হরতালে সকাল থেকে জাগো পার্বত্যবাসী ব্যানারে কর্মীরা বালাঘাটা ও সদরের ট্রাফিক চত্বরে মিছিল সমাবেশ ও পিকেটিং করতে থাকেন। এ সময় বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের একটি বেইলি সেতুর পাটাতন তুলে ফেলে হরতাল-সমর্থকরা। পরে সেনাসদস্যরা এটি মেরামত করেন।
জনসংহতি সতিমির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে এস মং মারমার অভিযোগ, সন্তু লারমা আসার পরই বালাঘাটায় হারতাল-সমর্থকদের সঙ্গে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন সদস্য আহত হন। তাঁদের চারজনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক চত্বরে সংঘর্ষ ও হামলার ছবি তুলতে গিয়ে স্থানীয় একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাঁর ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ওই সাংবাদিক।
সংঘর্ষের শুরু হওয়ার পর জেলাজুড়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ।