হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা আল্লাহ ও রাসুলের হুকুম মেনে চলে এবং রাসুলের জীবনাদর্শ পূর্ণাঙ্গরূপে অনুসরণ করে, তারা সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন।
সম্মেলনের আয়োজক হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেন, ইসলামের বিরুদ্ধে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে। মানুষের জীবন থেকে নৈতিকতা ও মূল্যবোধ এবং খোদাভীতি চলে গেছে। তাই মানুষের অন্তরে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর মহব্বত সৃষ্টির মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বক্তব্য শেষে হেফাজতের আমির সবার কল্যাণ কামনা ও গুনাহ মাফের জন্য দোয়া করেন।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মাওলানা তাজুল ইসলাম, মুফতি আহমদুল্লাহ, মাওলানা হিযবুল্লাহ, ইয়াকুব ওসমানী প্রমুখ।